পৃথিবী সম্পর্কিত তথ্য বিশ্লেষণে নাসা ও মাইক্রোসফটের এআই ‘আর্থ কোপাইলট’

১৮ নভেম্বর, ২০২৪ ১২:২০  

নাসা ও মাইক্রোসফট যৌথভাবে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত টুল ‘আর্থ কোপাইলট’ চালু করেছে। এই টুলটি নাসার বিশাল ভূ-তাত্ত্বিক ডেটাবেজ সহজেই বিশ্লেষণ করতে সাহায্য করবে। জটিল ডেটা সংক্ষেপে উপস্থাপন এবং ব্যবহারকারীদের প্রশ্নের সহজ উত্তর দিতে সক্ষম এই এআই টুল। খবর গ্যাজেট৩৬০।

নাসার উদ্যোগটি এমন একটি লক্ষ্য নিয়ে কাজ করছে, যাতে পৃথিবী সম্পর্কিত তথ্য সবার জন্য সহজলভ্য হয়। মাইক্রোসফটের হেলথ ও পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রিজের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট টাইলার ব্রাইসন জানিয়েছেন, নাসার ডেটাবেজের জটিলতা অনেক ব্যবহারকারীর জন্য বাধা তৈরি করে। সাধারণত এই ডেটা বিশ্লেষণে ভূ-তাত্ত্বিক জ্ঞান ও ডেটা ফরম্যাট সম্পর্কে গভীর ধারণা প্রয়োজন।

কিন্তু আর্থ কোপাইলট ব্যবহার করে, ডেটা থেকে প্রয়োজনীয় তথ্য মুহূর্তেই বের করা সম্ভব হবে। এটি প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বা বাতাসের গুণগত মানের পরিবর্তনের মতো বিষয়গুলোর উত্তর দিতে সক্ষম।

বর্তমানে আর্থ কোপাইলট পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নাসার বিজ্ঞানী ও গবেষকরা এর কার্যকারিতা মূল্যায়ন করছেন। সফলভাবে পরীক্ষার পর এটি নাসার ভিজুয়ালাইজেশন, এক্সপ্লোরেশন অ্যান্ড ডেটা অ্যানালাইসিস (ভিইডিএ) প্ল্যাটফর্মে যুক্ত করা হবে। প্ল্যাটফর্মটি ইতোমধ্যেই নাসার ডেটাবেজের কিছু অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে। আর্থ কোপাইলট সেই তথ্যের ব্যবহার আরও সহজ করবে।

আর্থ কোপাইলট কেবল তথ্য বিশ্লেষণের প্রক্রিয়া সহজ করবে না, বরং এটি প্রাকৃতিক দুর্যোগ বা বৈশ্বিক ঘটনাগুলোর প্রভাব বুঝতে সাহায্য করবে। নাসার বিশাল ডেটাবেজ থেকে দ্রুত ও নির্ভুল তথ্য পেতে এটি ব্যবহারকারীদের সহায়তা করবে।

ডিবিটেক/বিএমটি